গাইবান্ধা প্রতিনিধি: জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ১৮৩৪ পিচ ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ সময় রাসেল সরকার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক জানান, গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুটি গ্রামের রাসেল সরকার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার বিকেলে রাসেল সরকারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়িতে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৮৩৪ পিচ ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। এসময় মাদক ব্যবসায়ী রাসেল সরকারকেও আটক করা হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।