দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজে কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকে থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে কলেজ ক্যাম্পাসে এখনো উত্তেজনা চলছে। সংঘর্ষে আহতরা হলেন-দিনাজপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও মোজাহিদ সমর্থক শাহাদত হোসেন, কামরুজ্জামান, রাশেদ ও শাকিল।
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, মোজাহিদুর হাসান গ্রুপের সঙ্গে ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার নব-নির্বাচিত কমিটির আশফাকুর রহমান তুষার গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় পুরো কলেজ রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্য ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিমেকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষের পর পুলিশ ক্যাম্পাসে অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। ছাত্ররা পুনরায় জড়ো হয়ে শ্লোগান দিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের সড়িয়ে দেয়।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলতাফ হোসেন জানান, ঘটনাস্থল হতে ২ জনকে আটক করা হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদেরও গ্রেফতার দেখানো হতে পারে বলে তিনি জানান।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজে থমথমে অবস্থা বিরাজ করছে।