দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরে ফেনসিডিলসহ সহকারী ট্রেনচালক সানোয়ার হোসেন (৩৫) ও কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার খালাসী ইলিয়াস আলীকে (৩৭) আটক করেছে পার্বতীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদকপাড়া খ্যাত চৈতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সানোয়ার উপজেলার হরিরামপুর ইউনিয়নের মন্ডপাড়া গ্রামের মিনহাজুল হকের ছেলে এবং ইলিয়াস আলী শহরের ইসলামপুর কালীবাড়ী মহল্লার মাজেদ আলীর ছেলে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দু’জনের বিরুদ্ধে রেলের তেল পাচারেরও অভিযোগ রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।