সিসি ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার নয় দিনের ব্যবধানে দলীয় পদ ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে ও স্থানীয় এমপি তানভীর ইমাম। তার স্থলে ভারপ্রাপ্ত হিসেবে অন্য একজন দায়িত্ব পালন করবেন।
শনিবার সকালে উল্লাপাড়ার খান সোনতলার নিজ বাড়িতে এক জরুরি সভা ডেকে তানভীর ইমাম এ সিদ্বান্ত নেন। এ সময় পৌর কমিটি ও ১৪টি ইউনিয়নের ১৯৭ জন কাউন্সিল উপস্থিত ছিলেন।
এমপি তানভীর ইমাম বলেন, “এমপি নির্বাচিত হওয়ার কারণে আমাকে অধিকাংশ সময় ঢাকায় থাকতে হচ্ছে। দলের জন্য বেশি সময় দিতে পারছি না। এ অবস্থায় আগামীতে দলের ক্ষতি হতে পারে। যে কারণে জরুরি সভা ডেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে পুনরায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছি। এমপি হিসাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে কাজের পরিধি কমে আসলে পুনরায় এ পদে ফিরে আসব কি-না তা চিন্তা ভাবনা করব।”
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত সভাপতি মীর শহিদুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। ১৪ নভেম্বর উল্লাপাড়া আকবর আলী কলেজের আবু তাহের ছাত্রাবাস মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।