লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ ও তার এক নিকটাত্মীয় একই উপজেলার গোতামারী ইউনিয়নের আলিফ হোসেন এর বিরুদ্ধে পার্শ্ববর্তি কালিগঞ্জ উপজেলায় জোরপূর্বক জমি দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ওই জমি দখল করতে গিয়ে তা বাঁধা দেয়ায় সামাদ গংদের হামলার শিকার হয়েছেন জমির মালিক। এছাড়াও তাদের দেয়া প্রাণনাশের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ওই পরিবারটি অভিযোগ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, লালমনিরহটের কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামের মৃত আজিমুদ্দিন মিয়া জীবদ্দশায় অধিকাংশ জমি তার তিন পুত্রের নামে রেজিষ্ট্রি করে দেন। পিতার মৃত্যুর পর প্রায় ৪৩ বছর ধরে ছেলেরা জমি ভোগদখল করে আসছেন।
এদিকে মৃত আজিমুদ্দিন মিয়ার দুই মেয়ে আরেফা ও আনজু বেগম গত এক বছর পূর্বে ভাইদের কাছে তাদের পৈত্রিক সম্পত্তির অংশীদারিত্ব দাবি করায় নিয়মানুয়ায়ী ভাইয়েরা পিতার নামে রেখে যাওয়া জমির অংশ ওই দু’বোনকে ছেড়ে দিতে সম্মত হন। এতে ওই দুই বোন সন্তুষ্ট না হয়ে আরো বেশি জমি দাবি করলে উভয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ঘটনার দিন গত শুক্রবার সকালে আরেফা বেগম ও তার স্বামী হাতীবান্ধা প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ, তাদের পুত্র আরাফাত হোসেন তুহিন, আনজু বেগম ও তার পুত্র আলিফ হোসেনসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে জমিতে প্রবেশ করে পাওয়ার টিলার দিয়ে হালচাষ শুরু করে।
অপরদিকে জমিতে হালচাষের খবর জানতে পেয়ে বাকি দুই ভাই উপস্থিত না থাকায় আবু তাহের ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আইনগত প্রক্রিয়ায় জমি বুঝে নিতে অনুরোধ জানায়। কিন্তু তারা এমন প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে ওঠে আবু তাহেরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরতর আহত হন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সামাদ ও তার দলবল ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এলকাবাসীরা আবু তাহেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আলিফের একাধিক প্রতিবেশি জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ইতিপূর্বে আলিফ তার পিতাকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আলিফ ও তার মা আনজু বেগমের ভয়ে গত তিন বছর ধরে তিনি নিজ বাড়িতে ফিরতে পারছেন না।
এদিকে ওই দিনের পর থেকেই আরেফা, তার স্বামী সামাদ এবং আলিফ আবারো জমি দখলকরাসহ তাকে ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আবু তাহের। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতাসহ বড় ধরণের ক্ষতির আশংকা করে গতকাল শনিবার কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি । (যার নং ৯১২ তারিখ ২২-১১-১৪ ইং)।
এ বিষয়ে মুঠোফেনে হাতীবান্ধা আ‘লীগের প্রভাবশালী নেতা আব্দুস সামাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, মৌখিকভাবে তাদের কাছ থেকে জমি চাওয়া হয়েছিল। না দেয়ায় আমরা তা দখল করতে গিয়েছিলাম।
দেশের প্রচোলিত আইনগত প্রক্রিয়ায় না গিয়ে এভাবে জোর জবরদস্তি করে জমি দখল করা ঠিক কি না – এমন প্রশ্নে তিনি কোন উত্তর না দিয়ে পরে কথা বলবেন জানিয়ে লাইন কেটে দেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ২নং মদাতী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের মোবাইল (০১৭১৬৪১৪৬০৯) নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করনেনি।