সিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া ইউনিয়নের তিনটি ওয়াড কমিটি গঠনে অনিয়ম ও ওইসব কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। দাবি মানা না হলে হরতাল, অনশন, মানববন্ধ, বিক্ষোভ কর্মসুচি ঘোষনা করা হয় ওই সংবাদ সম্মেলন থেকে। এর আগে উপজেলা আওয়ামী লীগে সদস্যভুক্তিতে অনিয়মের অভিযোগে গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, বাংলাদেশ আওয়ামী আইন-ছাত্র পরিষদের কেন্দ্রিয় যুগ্মসাধারণ সম্পাদক মকছেদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক ফজলুল হক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সাথে যোগসাজসে দলের ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে তাদের আত্মীয় স্বজনদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করছেন।
কমিটি গঠনের জন্য প্রতিটি ওয়ার্ডে একশত ৫০টি করে সদস্য সংগ্রহ কুপন দেওয়া হলেও তারা ঘরে বসে তাদের স্বজনদের ও অনুগতদের মাঝে তা বিতরণ করেছেন। এরই মধ্যে গোপনে তিনটি ওয়ার্ড কমিটি গঠন করেছেন। সব কমিটি আগামী ২৪ ঘন্টার মধ্যে বাতিল করার দাবি জানান।
দাবি আদায় না হলে আগামীকাল ২৬ নভেম্বর ইউনিয়ন আ,লীগ অফিসের সামনে মানববন্ধন, ২৭ নভেম্বর বিকেলে বিক্ষোভ, ২৯ নভেম্বর অনশন কর্মসুচি ও ৩০ নভেম্বর মাগুড়া ইউনিয়নে অর্ধদিবস হরতাল কর্মসুচি পালন করা হবে।
এ সময় ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আ,লীগের সভাপতি রুহুল আমিন অভিযোগ করে বলেন,আমার মাধ্যমে কুপন বিতরণ করার কথা থাকলেও আমাকে না জানিয়ে তারা অন্য একজনের মাধ্যমে কুপন বিতরণ করে পকেট কমিটি গঠন করেছেন। আমি ওই কমিটির সভাপতি হলেও সে কমিটিতে আমাকে সদস্যও রাখা হয়নি। এমনি অভিযোগ করেন,দুই নম্বর ওয়ার্ড আ,লীগের সদস্য আক্তারুজ্জামানসহ অনেকে।
মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহেশ চন্দ্র রায় অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, কুপন আমাদের বিতরণ করার কথা নয়। আমরা রেজুলেশন করে কুপন বিতরণেন জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে দিয়েছি। কোনো অনিয়ম হলে আমরা দেখবো।