ঢাকা: হাইকোর্টের নির্দেশে রাজধানীর শ্যামপুর থানাধীন বুড়িগঙ্গা নদীর তীরে বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
দুপুর ১২টা থেকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকার নদীর তীরে অবৈধভাবে রাখা বালু অপসারণের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানুল হক ও দেশাই।
ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক শহীদুল ইসলাম জানান, আজ তালিকাভুক্ত ৩২টি অবৈধ স্থাপনা ছাড়াও বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
২৩ নভেম্বর রাজধানীর শ্যামবাজার, কদমতলী ও বীণা স্মৃতি (ওয়াইজঘাট) এলাকায় বুড়িগঙ্গা নদীর সীমানায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। নদীদখলমুক্ত রাখতে সেখানে তিন মাস পর পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করারও নির্দেশ দিয়েছিলেন দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ।