সিসি নিউজ: সিরিজের তৃতীয় ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়েকে ২৯৮ রানের বড় লক্ষ্যমাত্রা দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে টাইগাররা ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে। ফলে সিরিজে টিকে থাকতে হলে সফরকারী দলকে ২৯৮ রান করতে হবে।
বাংলাদেশের হয়ে এনামুল হক বিজয় সর্বোচ্চ ৯৫ রান করেন। তার ১২০ বলের ইনিংসটি ৯টি চারে সাজানো ছিলো। এছাড়া তামিম ৪০, সাকিব ৪০, মুশফিক ৩৩, মাহমুদুল্লাহ ৩৩ এবং সাব্বির করেন ২২ রান।
জিম্বাবুয়ের হয়ে টিনাশে পানিয়াঙ্গারা সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন। এছাড়া মাদজিবা, মাসাকাদজা ও কামুনগজি একটি করে উইকেট লাভ করেন।
টসে জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় বাংলাদেশকে উড়ন্ত সূচণা এনে দেন। এই দুজন তুলেন ১২১ রান। দলীয় ১২১ রানে ব্যক্তিগত ৪০ রান করে রান আউটের শিকার হন তামিম। তামিম ফিরে গেলেও মুমিনুলকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন এনামুল। তবে ১৬০ থেকে ১৬৭- এই ৭ রানের মধ্যে মুমিনুল ও এনামুল ফিরে গেলে কিছুটা ধাক্কা খায় টাইগাররা। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন এনামুল।
এরপর সেখান থেকে স্বাগতিকদের উদ্ধার করেন সাকিব ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে এই দুজন ৭২ রান তুলতে বড় সংগ্রহের দিকে যায় মাশরাফির দল।
দলীয় ২৩৯ থেকে ২৪৪- এই ৫ রানের মধ্যে সাকিব ও মুশফিক ফিরে গেলেও মাহমুদুল্লাহ ও সাব্বিরের ব্যাটিং নৈপুণ্যে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোক করতে সক্ষম হয় টাইগাররা। সাকিব-মুশফিকের পর মাহমুদুল্লাহ ও সাব্বিরের দারুণ ব্যাটিংয়ের কল্যাণে শেষ ৫৬ বলে ৯৭ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা।
সাকিবের ৪০ রান আসে মাত্র ৩৩ বলে। মুশফিক ৩৩ রান করেন ২২ বলে আর মাহমুদুল্লাহর ৩৩ রান আসে ২৬ বলে। সাব্বির রহমান ২২ রান করনে খেলেন ১৩ বল।
পাঁচ ম্যাচ সিরিজে আপাতত ২-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।