
নাটোর : নাটোরের বড়াইগ্রামে ভণ্ডপীরের প্ররোচনায় নিজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছে নাজমুল ইসলাম নামের এক পাষণ্ড বাবা।
শুক্রবার সকালে উপজেলার মনপিড়িত গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মনপিড়িত গ্রামের কাঠ মিস্ত্রি নাজমুলের বাড়িতে নিয়মিত কিছু ভণ্ড পীর বা সন্যাসী জাতীয় লোকজন যাতায়াত করতো। বৃহস্পতিবার রাতে নাজমুল তার বাড়িতে একটি টিনের চালা ঘর তৈরি করেন। পরে ভণ্ডপীরের কথামত সে একটি কোরআন শরীফ ছিড়ে টুকরো টুকরো করে। পরে শুক্রবার সকালে নিজের আড়াই মাসের কন্যা সন্তান বুশরাত রুকাইয়াকে বাড়ির পাশের একটি পুকুরে চুবিয়ে হত্যা করে। এসময় স্থানীয়রা পাষণ্ড নাজমুলকে আটক করে।
এরপর নাজমুলের এক চাচা তাকে মানসিক রোগী বলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যেতে সাহায্য করে। এদিকে এ ঘটনায় এলাকায় জনরোষের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি পলাতক রয়েছে। তাকে দ্রুত আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।