সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সম্প্রসারণ প্রকল্পের গ্যাস উৎপাদন এবং বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইনে গ্যাস সরবরাহের উদ্বোধন করলেন।
দীর্ঘ ১৪ বছর পর তিনি আজ শনিবার বেলা পৌনে ১২টায় হবিগঞ্জে এসে পৌঁছান। গ্যাসফিল্ড, বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, আধুনিক স্টেডিয়াম, ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে তার এ সফর। ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি হবিগঞ্জে আসেন।
হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের কাছে অবতরণ করেন। পরে সেখান থেকে সড়ক পথে তিনি গ্যাস ফিল্ড উদ্বোধনস্থলে পৌঁছান। এ ফিল্ডের সম্প্রসারণ প্রকল্পের গ্যাস উৎপাদন এবং বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইনে গ্যাস সরবরাহের উদ্বোধন করেন তিনি।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল, হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, হবিগঞ্জ নতুন জেলা পরিষদ অডিটরিয়াম ও কমিউনিটি সেন্টার, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ভবন, হবিগঞ্জ সার্ভার স্টেশন, আলেয়া জাহির কলেজ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি অফিস ভবন, বানিয়াচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ উন্নয়ন, আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও শাহজীবাজার (৩০০ মেগাওয়াট) কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর তিনি বিকেলে হবিগঞ্জ নিউফিল্ডে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। সন্ধ্যায় ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



