ঢাকা: সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রখ্যাত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী নিহত হওয়ার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালক মো মশিউর রহমানকে প্রধান করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ কমিটি গঠন করে। কমিটির অপর সদস্যরা হলেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রাফিক বিভাগের দক্ষিণের ডিসি ইমতিয়াজ হোসাইন, ঢাকা সড়ক সমন্বয় কর্তপক্ষের পরিচালক মাহমুদুল হাসান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রাফিক কর্মকর্তা মাহবুবুর রহমান।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাতে রাজধানীর কারওয়ানবাজারে বাস থেকে নামার সময় বাসের নিচে পড়ে মারা যান খ্যাতিমান সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী।