ঢাকা: সেবা অধিদফতরের আওতাধীন ১৭৯টি প্রথম শ্রেণীর পদ থাকা সত্ত্বেও এ পদে কোনো নার্স নিয়োগ দেয়া হয়নি বলে অভিযোগ করে উক্ত পদে নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেছেন, সংশ্লিষ্ট পরিদফতর এবং মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাবে বিগত ৩২ বছরে নার্সদের কোনো পদোন্নতি হয়নি এবং দীর্ঘ ৩৭ বছরেও পরিদফতরের প্রসাশনিক অবকাঠামোর কোনো পরিবর্তন হয়নি। তারা জানান, বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে ৬৩ হাজার ডাক্তার রয়েছে অথচ নার্সের সংখ্যা মাত্র ৩৩ হাজার। যার মধ্যে ১৭ হাজার সরকারি চাকরিতে ন্যস্ত।
তারা বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী একজন ডাক্তারের বিপরীতে তিনজন এবং একজন রোগীর বিপরীতে চারজন ও প্রতিজন মুমূর্ষু রোগীর জন্য একজন নার্স থাকার কথা। কিন্তু বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এ অবস্থা থেকে উত্তারণে জন্য তিনমাস পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই নিয়োগের ঘোষণার বাস্তবায়নও চেয়েছেন তারা।
তবে আগামী ১০ জানুয়ারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ১০ হাজার নার্স নিয়োগর দাবি মানা না হলে ১১ জানুয়ারি শহীদ মিনারের সামনে সমাবেশ করবে বলেও জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাবিনা শারমিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- মহাসচিব মো. মোস্তাফিজুর রহমান, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি আসমা ইসরাত, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েল ফেয়ারের মহাসচিব ছালেহা খাতুন, ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নুরুন নাহার প্রমুখ।