সিসি নিউজ: দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজেনা সম্পর্কে কটুক্তির সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ নেতাদের উল্টাপাল্টা বক্তব্যের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে”। আজ রোববার বিকেলে জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে নীলফামারীতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ নেই উল্লেখ করে তিনি আরো বলেন, “দেশকে বাঁচাতে হলে পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। জনগনের প্রচেষ্টায় খুব শীঘ্রই সকল দলের অংশগ্রহনে নির্বাচনের মাধ্যমে আমরা গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার চাই।
সার্কের সমালোচনা করে মীর্জা ফখরুল বলেন, “সার্কের সদস্যভূক্ত প্রতিবেশী দেশের অণীহার কারণে সার্ক ক্রমশঃই দূর্বল প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে”।
জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনিছুল আরেফীন চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত সম্মেলণে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ.জেড.এম. রেদুয়ানুল হক, আক্তারুজ্জামান মিয়া, আমজাদ হোসেন সরকার, বিলকিছ ইসলাম ও আলমগীর সরকারসহ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলণ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান।