ঢাকা : জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগ দিতে নারায়ণগঞ্জ যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ১৩ ডিসেম্বর রোজ শনিবার নারায়ণগঞ্জ জেলা ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি শীর্ষ নিউজকে বলেন, নারায়ণগঞ্জ ২০ দলীয় জোটের জনসভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।