নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ সিআইডি’এর একজন কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মুক্তিনগর বটতলা এলাকাতে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ইয়াবা বিক্রির সময়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর রাতেই তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতের নাম সোলেমান মিয়া (৩২)। তিনি সিআইডি ঢাকা হেডকোয়ার্টারের কনস্টেবল। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকাতে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে সোলেমানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।