সিসি ডেস্ক: অবশেষে মুখ খুললেন স্বল্পবসনা হওয়ায় ‘মৌলবাদী’ যুবকের আক্রমনের শিকার ভারতীয় অভিনেত্রী ও উপস্থাপিকা গওহার খান। বললেন, তিনি উপলব্ধি করতে পেরেছেন নৈতিকতার নামে ভারতীয় নারীদের কিভাবে হয়রানি করা হয়।সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এর চূড়ান্ত পর্বের শুটিং চলার সময় দর্শকের সারি থেকে উঠে এসে গওহারকে চড় মারেন ২৪ বছর বয়সী আকিল মালিক, গওহারকে অভদ্রভাবে স্পর্শ করারও চেষ্টা করেন তিনি। পরে পুলিশের কাছে বিবৃতিতে তিনি বলেন, খোলামেলা পোশাক পড়ায় গওহারকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন তিনি। “যদি কাউকে দোষ দিতে হয়, তবে আমি বলবো নিরাপত্তাকর্মীদের কথা। যাচাই না করে কিভাবে তারা লোকটিকে শুটিং সেটে ঢুকতে দিলো? ব্যাপারটা কি ভয়ংকর নয়?” “এটা এক ধরনের সন্ত্রাস এবং এর সঙ্গে কোনো ধর্মবিশ্বাসের কোনো সম্পর্ক নেই। কোনো ধর্ম বা সংস্কৃতি সহিংস হওয়াকে অনুমোদন দেয় না। “
এরপর তিনি আরও বলেন, “আমি এখানে কোনো বিশেষ ধরনের পোশাকের পক্ষে প্রচার চালাতে কিংবা কার কি ধরনের পোশাক পরা উচিৎ – সে বিষয়ে কথা বলতে আসিনি। আমি কেবল এটুকু বলতে চাই, নিজের ব্যক্তিগত অভিমত অনুযায়ী চলার কারণে কাউকে আঘাত করা বা আক্রমন করার অধিকার কারও নেই।”
‘ইশাকজাদে’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, এই ঘটনার পর তিনি উপলব্ধি করেছেন ভারতীয় নারীদের নৈতিকতার নামে কতভাবে হয়রানি করা হয়।
“একটা মেয়ে কি ধরনের পোশাক পরবে তা নির্ধারন করার অধিকার ঐ নীচ ব্যক্তিকে কে দিয়েছে? ওর মতো একটা ঘৃন্য মানুষের একটা নিরস্ত্র, অপ্রস্তুত মেয়েকে আক্রমন করার আগে আইনের ভয় হলো না!”