
সিসি নিউজ: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবিত থাকার পর মৃত ঘোষিত সেই নারী অবশেষে মারা গেছে। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
এরআগে বৃহস্পতিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওয়ার্ড বয় মর্গ অফিসে যান। পরে সেখান থেকে লাশ নিতে এলে তারা ওই নারীকে নড়াচড়া করতে দেখে দ্রুত কর্তব্যরত চিকিৎসককে খবর দেন। এরপর ওই নারীকে পুনরায় ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
জীবিত রোগীর মৃত ঘোষণার তদন্তে শুক্রবার দুপুরে একটি কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এনামুল করিমকে কমিটির প্রধান করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করবেন বলে জানান।
গত মঙ্গলবার অজ্ঞাতপরিচয় (৪৫) ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ৮০২ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ইউনিটে ভর্তি করা হয়।