নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ছে। শনিবার দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন ছিল জেলার পথ ঘাট। সেই সাথে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে তোলে। এদিকে শীতের তীব্রতার কারণে খেটে খাওয়া মানুষজনকে পড়তে হয় দুর্ভোগে।
হিমালয়ের পাদদেশে ঘেঁষা নীলফামারী জেলায় বরাবরে শীতের তীব্রতা অন্যান্য জেলার চেয়ে বেশী। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলের মানুষ প্রতিবারই একটু আগে ভাগে অনুভব করে শীতের আমেজ । কিন্তু অন্যন্য বারের তুলনায় এবার এখানে শীত নেমেছে অনেক আগে থেকে। আগে নামা শীতের তীব্রতাও রয়েছে অনেক বেশী। শুরুতেই শীতের এই তীব্রতার কারণে জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে শিশু ও বয়স্করা বেশী আক্রান্ত হচ্ছে এ রোগে।
এদিকে শনিবার দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে পথ-ঘাট। দুপুর ২ টার পর সূর্য উকিঁ দিলেও তেমন উত্তাপ ছড়াতে পারেনি। কুয়াশা ও হিমেল বাতাসের কারণে অনেক শ্রমজীবি মানুষ কাজে বের হয়নি বলে জানা গেছে। সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বাজার মৌজা গ্রামের শ্রমজীবি খতেজা , খলিল , সামসুল ইসলাম, শাহপাড়া গ্রামের ভূট্টু জানালেন এবছর শুরুতেই শীতের তীব্রতা দেখে মনে হচ্ছে ভরা শীতে পরিস্থিতি ভয়াভহ আকার ধারণ করবে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে বেচা-কেনা জমিয়ে উঠেছে শীতবস্ত্রের খোলা বাজারগুলোতে।