ঢাকা: রোববার সকাল ১০টা ৫৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শক্তিমান অভিনেতা খলিল (ইন্না… রাজিউন)। তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিকেল ৩টায় তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নেয়া হচ্ছে মরদেহ। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মুসা খান।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও শক্তিমান অভিনেতা খলিল ১৯৫৯ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। তাই দীর্ঘদিনের সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্যে তার মরদেহ বিকেল ৩টায় এফডিসিতে নেয়া হবে। এখানে চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি বাংলাদেশ আনসারের একটি দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করবে। কারণ তিনি এক সময় আনসারের উচ্চ পদে কর্মরত ছিলেন।
এরপর তার মরদেহ নেয়া হবে মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে। সেখানে এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে মোহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে।