চট্টগ্রাম: সংগঠনবিরোধী কার্যকলাপ, দলের সাংগঠনিক কর্মকাণ্ডে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে মহানগর আওয়ামী লীগ। এ সংক্রান্ত একটি পত্র রোববার আবদুচ ছালাম গ্রহণ করেছেন বলে নগর আওয়ামী লীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৪ ডিসেম্বর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁর বিরুদ্ধে সিডিএ চেয়ারম্যানের পদ ব্যবহার করে সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য পত্র দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আলোকে দলের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র তার কাছে ব্যক্তিগতভাবে এবং ডাকযোগে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তৎকালীন বিরোধীদল বিএনপি ও স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরের দেশ ধবংসকারী অপরাজনীতি, অপতৎপরতা, হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ রাজপথে থেকে তাদের মোকাবিলা করেছে। দুর্ভাগ্য, আশ্চর্য ও রহস্যজনকভাবে কোষাধ্যক্ষ হওয়া সত্ত্বেও আবদুচ ছালাম নগরের কোথাও কোনো কর্মসূচিতে অংশ গ্রহণ করেননি। এমনকি অদ্যাবধি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার অপরাধে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে জামায়াত যে হরতাল আহ্বান করে তার বিরুদ্ধে মহানগরের সাধারণ মানুষের জনামাল রক্ষার্থে ও শান্তি-শৃঙ্খলা বজায় ও অরাজকতা সৃষ্টি যাতে করতে না পারে তার জন্য মহানগর আওয়ামী লীগ রাজপথে অবস্থান নিয়েছিল। এ কর্মসূচিতেও আবদুচ ছালামকে কোথাও দেখা যায়নি।’
এতে আরো বলা হয়, ‘বর্তমানে তিনি মতবিনিময়ের নামে দলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। যা সরাসরি সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলা পরিপন্থি। সরকারের অর্থ ব্যয় করে চউকের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে মতবিনিময়ের নামে সাংগঠনিক কোন কাজে অংশগ্রহণ না করে সংগঠনের নেতাদের ব্যবহার ও বিভ্রান্ত করা সরাসরি সংগঠনবিরোধী কার্যকলাপের সামিল।’
‘এছাড়া লক্ষণীয় যে, আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি তাদের আপত্তি ও সম্মতি ব্যতিরেকে পত্রিকায় ছাপিয়ে সংগঠনে বিরোধ সৃষ্টি করেছেন। এসব বিষয় ওয়ার্ড পর্যায়ের নেতারা কার্যকরী কমিটির সভায় অভিযোগ করেছেন।’
এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আবদুচ ছালামকে অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয় ‘অন্যথায় তার বিরুদ্ধে গঠনতনন্ত্র অনুযায়ী সাংগঠনিক পদক্ষেপ নিতে দল বাধ্য হবে।’