সিসি নিউজ: বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা ও বিরোধী দলের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের এমপি জিম ল্যাম্বার্ট। আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইইউ এমপি এ কথা জানতে চান। বিকেল ৫টায় বৈঠকটি শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানান।
হানিফ বলেন, ইইউ বাংলাদেশের জাতীয় সংসদ কতটা কার্যকর এবং বিরোধী দলের ভূমিকা কী তা জানতে চেয়েছে। আমরা বিস্তারিত বলেছি। তারা জাতীয় সংসদের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেছে। হানিফ বলেন, আওয়ামী লীগ প্রাচীন একটি দল। এই দলের নেতৃত্বের কাঠামো সম্পর্কেও ইইউ জানতে চেয়েছে। এ ছাড়া বাংলাদেশে পোশাক কারখানার অবস্থা সম্পর্কেও তারা জানতে চেয়েছে।
তবে গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান মাহবুব-উল-আলম হানিফ। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিরা বিভিন্ন সময় অস্বস্তি প্রকাশ করে আসছেন। নির্বাচনের পর এটাই তাঁদের প্রথম বৈঠক।