নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী বর্ণাঢ্য র্যালি, মানব বন্ধন, আলোচনাসভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র উদ্যোগে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী এর আয়োজনে সনাক কার্যালয় হতে রংবেরঙ্গের, ফেস্টুন, স্টিকার, ব্যানার সম্বলিত একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে মানববন্ধনে মিলিত হয়। এ সময় কর্মসূচিতে বিভিন্ন সনকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিবৃন্দ ও সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে একাত্মতা ঘোষনা করে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা সনাক সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রাযের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। টিআইবি নীলফামারী আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সাজেদুর রহমান, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস,সনাক সহ-সভাপতি প্রভাষক নাসিমা বেগম, আকতারুল আলম রাজু, ইয়েস সদস্য অবিনাশ চন্দ্র রায় ও মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন।
দুর্নীতিকে দেশের সার্বিক উন্নয়নে অন্যতম প্রতিবন্ধক হিসেবে আখ্যায়িত করেন বক্তরা বলেন, দুর্নীতির ধারণা সূচক ২০১৪ তে বাংলাদেশ ১৪তম অবস্থান করছে। এতে আবারো দুর্নীতি বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত বহন করে যা উদ্বেগজনক। দুর্নীতির বিরুদ্ধে সরকারের রাজনৈতিক অঙ্গীকারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবী করে দুদক কে স্বাধীন ও নিরপেক্ষতার সাথে কাজ করা ও দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করাসহ দুর্নীতিবিরোধী দিবসকে সরকারি স্বীকৃতি এবং পালনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তরা ।