বান্দরবান: বান্দরবানে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দাবি করে থানায় জিডি করেছেন স্থানীয় সকল সাংবাদিক। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে অবস্থান ধর্মঘটের পর বান্দরবান সদর থানায় এ জিডি দায়ের করা হয়। সকাল থেকে প্রেস ক্লাবের সামনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একত্রিত হয়ে অবস্থান ধর্মঘট পালন করেন।
অবস্থান ধর্মঘট চলাকালে সাংবাদিকরা জানান, শনিবার বৈশাখী টেলিভিশনের সাংবাদিক জহির রায়হানের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলনরত অন্য সংবাদকর্মীদেরও হুমকি-ধমকি দেয়া হচ্ছে। তাই তারা পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।
দুপুরে বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা সাংবাদিকদের সঙ্গে প্রেসক্লাবে এক জরুরি বৈঠকে মিলিত হন। তিনি সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, ঘটনার চারদিন অতিবাহিত হয়ে গেলেও প্রভাবশালী মহলের চাপের মুখে অদ্যাবধি মামলা নেয়নি পুলিশ। গত শনিবার ৬ ডিসেম্বর শহরের স্টেডিয়াম এলাকায় সাংবাদিক জহির রায়হানের ওপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংবাদ প্রকাশের জের নিয়ে হামলা করে।
বর্তমানে জহির রায়হান চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক নেতারা অভিযোগ করেছেন,পুলিশ হামলার ঘটনায় মামলা নেয়নি এবং তার জিডি নিতেও গড়িমসি করছে।