সিসি নিউজ: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রকাশিত সর্বশেষ গেজেটে নীলফামারী জেলার ৭৪ জন মুক্তিযোদ্ধার নাম বাদ দেয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই বিষয়ে গঠিত জাতীয় পর্যায়ের একটি কমিটি ওই মুক্তিযোদ্ধাদের নাম কর্তন করেছে।
নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, জেলায় গেজেটভুক্ত ৮১০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এসব মুক্তিযোদ্ধা বিভিন্ন সময়ে তাদের নাম গেজেটভুক্ত হয়। সম্প্রতি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধা শনাক্ত করতে নামের তালিকা সংশোধনের উদ্যোগ নেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।
এরই সূত্র ধরে জাতীয় পর্যায়ে গঠিত হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এ কাউন্সিল মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা সংশোধনের কার্যক্রম শুরু করে। গত ১৩ আগষ্ট কাউন্সিলের ২৫তম বৈঠকে তালিকা সংশোধন করা হয়।
সম্প্রতি সংশোধিত এ তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সদ্য প্রকাশিত এ গেজেটে নীলফামারী জেলার ৮১০ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নামের তালিকা থেকে ৭৪ জনের নাম বাদ দেয়া হয়েছে। বাদ পড়ার মধ্যে রয়েছে নীলফামারী সদরে ৮, ডোমারে ৮, জলঢাকায় ৪, কিশোরগঞ্জে ২, ডিমলায় ৫০ ও সৈয়দপুরে ২ জন।
নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ফজলুল হক নাম বাদ পড়ার সত্যতা নিশ্চিত করে জানান, সদ্য প্রকাশিত গেজেট মুক্তিযোদ্ধাদের সর্বশেষ গেজেট।