সিসি ডেস্ক: এবার একই মঞ্চে গান গাইলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পুনঃনির্মাণ কাজ শেষ হওয়ার পর বুধবার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তারা দর্শকদের গান গেয়ে শোনান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, যিনি বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে, বিতর্কিত কথাবার্তা বলে সমালোচিত।
বুধবার সন্ধ্যায় সমাজকল্যাণমন্ত্রী যখন বিশেষ অতিথির বক্তব্য দিতে মঞ্চে দাঁড়ান, তখন শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আগত হাজারো জনতার মধ্য থেকে দাবি ওঠে ‘গান’ ‘গান’! সবাই সমস্বরে চিৎকার করে সমাজকল্যাণমন্ত্রীকে গান গাওয়ার অনুরোধ জানান।
সবার অনুরোধেই হোক কিংবা নিজের মনের খোরাকেই হোক, বক্তব্যের এক পর্যায়ে সত্যি সত্যিই গান গাওয়া শুরু করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। দেশাত্মবোধক একটি গান পরিবেশন করেন তিনি। এ সময় উপস্থিত হাজারো মানুষ তাকে হাততালি দিয়ে উৎসাহ দেন।
তবে সমাজকল্যাণমন্ত্রীর আগেই গান গেয়ে সবাইকে বিমোহিত করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, শহীদ মিনার পুনঃনির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদর উদ্দিন আহমদ কামরান। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি। সঞ্চালনার এক পর্যায়ে তিনি গেয়ে ওঠেন, ‘সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে/ আমার হৃদয় রেখে যেতে চায় তাঁদের স্মৃতির চরণে…’।
স্বয়ং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান তার বক্তব্যে কামরানের গানের প্রশংসা করে বলেন, ‘কামরান যে এতো সুন্দর কণ্ঠে গান গাইতে পারেন, তা আমার জানা ছিল না।’