ঢাকা : ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কাছে পরাজিত হয়ে হত্যা ও চক্রান্তের রাজনীতি শুরু করেছে। তারই প্রমাণ হচ্ছে বর্ধমান বিস্ফোরণে বিএনপি-জামায়াতের ইন্ধন থাকার ঘটনা।
বৃহস্পতিবার দুপুর ১ টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাসিম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এ দেশ থেকে জঙ্গিদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু বিএনপি-জামাতের বক্তব্যে জঙ্গিরা উৎসাহীত হচ্ছে এবং দেখা গেছে ধরা পড়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।
তিনি বলেন, আমরা পাশ্ববর্তী দেশের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তারা এ ষড়যন্ত্র রুখতে সক্ষম হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থাদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এ জঙ্গিসংগঠন উচ্ছেদ করতে তাদের চেষ্টা অব্যাহত রাখে।
তিনি আরো বলেন, ১৪ দলের সুস্পষ্ট সিদ্ধান্ত হয়েছে, আগামী নির্বাচন সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীর অধীনে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোন বিদেশি রাষ্ট্রের মতামত গ্রহণ করা হবে না। বিএনপি-জামায়াত সরকার উৎখাতের যে ষড়যন্ত্র করেছিল তা আদও বাস্তবায়িত হবে না। দেশবাসী তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।
১৫-২২ জানুয়ারি ১৪ দল বিভিন্ন থানায় সভা সমাবেশ করবে বলেও জানান তিনি।