মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে বিএনপি’র যৌথ কর্মী সভায় মঞ্চে বসাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনেই ত্রিমুখী সংঘর্ষে ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে যৌথ কমীসভা পন্ড হয়ে যায়। সংঘর্ষে অন্তত ৪ নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সম্মেলন মঞ্চ ভাংচুর করে। সংঘর্ষের কারণে তাৎক্ষনিকভাবে যৌথ কর্মী সভা স্থগিত করা হয়।
শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর লোকভবনে জেলা বিএনপি যৌথ কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে. জেনা (অব.) মাহবুবুর রহমান, বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও প্রধান বক্তা নংপুর বিভাগীয় কমিটিন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
১১টায় কর্মী সভা শুরু হওয়ার পর বেলা সাড়ে ১১ টার দিকে কর্মী সভায় মঞ্চে বসাকে কেন্দ্র করে বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু গ্রুপ ও সাধারন সম্পাদক মুকুর চৌধুরীর গ্রুপের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায় বেগম খালেদা জিয়ার ভাগিনা ও প্রয়াতমন্ত্রী শাহরিয়ার আখতার হক ডন গ্রুপ কর্র্মী সভাস্থলে আসলে এক পর্যায়ে সেখানে ত্রি-মুখী সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ৪জন আহত হয়। তবে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে সংঘর্ষে অন্ত ৭-৮ জন আহত হয়েছেন।
অবস্থা বেগতিক দেখে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনা (অব.) মাহবুবুর রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ অন্যান্য নেতৃবৃন্দ দ্রুত সভাস্থল ত্যাগ করে চলে যান। এ সংবাদ লেখা পর্যন্ত জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থমথমে অবস্থা বিরাজ করছিল। বর্তমানে বিএনপি কার্যালয় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম গ্রুপের সমর্থকদের দখলে রয়েছে।
বিএনপি কার্যালয়ে খুরশীদ জাহান হকের অনুসারীরা
দীর্ঘ প্রায় ৮ বছর পর জেলা বিএনপি’র দলীয় পর্যালয়ে সমাবেশ করেছেন প্রয়াত মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের অনুসারী শাহরিয়ার আকতার হক ডনের নেতৃত্বাধীন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও ছাত্রনেতা মহিউদ্দিন বকুল উপস্থিত ছিলেন।
দলীয় কার্যালয়ে প্রবেশের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা লাঠি-সোটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করবো না। নিজেরা নিজেরা মারামারি করে মানুষকে সুযোগ করে দিতে চাই না। দিনাজপুর বিএনপির হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। বিএনপির হারানো গৌরব পূণরায় উদ্ধারে শাহরিয়ার আক্তার হক ডন’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও ছাত্রনেতা মহিউদ্দিন বকুল প্রমূখ। সমাবেশে যুবনেতা মাহফুজ আহাম্মেদ, বিএনপি নেতা মোঃ মজিবর রহমান, আব্দুস সামাদ, এসএম খালেদ, আসলাম খান, গোলাম কিবরীয়া পলাশ, আলী আকবর, মোস্তফা কামাল দুলু, শাহজাহান, দুলাল, আব্দুস সালাম, সেলিম, মাসুদ, সাগর, রবীন, কাজল, এটম, কালা বাবু, টেনিয়া বাবু, হামজা ফয়সাল, সম্রাট, ডিপজল শাহীন, ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা শহীদ আলম, ছাত্র দল নেতা মাসুম খান, রুবেল হোসেন, সম্রাট, ইমরান, হাজী সেলিম, মানিক, করিম, মহিলা দলের ময়না, রেহানা, রেনু, সাবিনাসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।