ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ও পৌর ছাত্রদলের সম্মেলনে হামলা, ভাঙচুর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা রুবেল হোসেন ও শামীম সুমনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়। সম্মেলনে শামীম সুমন ও রুবেল উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী ছিলেন।
গত বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন শেষে ছাত্রদল নামধারী একদল ‘সন্ত্রাসী’ ভাঙচুর ও অস্ত্রে সজ্জিত হয়ে সম্মেলন স্থলে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এতে রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান ও হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজগর হোসেন জখম হয়।
বিজ্ঞপ্তিতে রানীশংকৈল উপজেলা ছাত্রদলের সভাপতি পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক বকুল ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এবং পৌর ছাত্রদলের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন ও সাংগঠনিক সম্পাদক মুক্তার নাম ঘোষণা করা হয়।