সিসি নিউজ: আগ্রায় যেসব মুসলিমকে সম্প্রতি ধর্মান্তরিত করিয়ে হিন্দু বানানো হয়েছে তারা বাংলাদেশী বলে ধারণা করছে ভারতের গোয়েন্দারা। ওইসব মানুষ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ থেকে আগ্রা গিয়েছিল। শনিবার এ খবর দিয়েছে অনলাইন ডেকান হেরাল্ড। এতে বলা হয়েছে, ধর্মান্তরিত ওইসব মানুষ স্বীকার করেছেন যে, তারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। আগ্রার বেদ নগরে একটি খালি প্লটে তারা বসবাস করছে প্রায় চার বছর ধরে। এক সরকারি কর্মকর্তা বলেছেন, তাদের অনেকেরই আছে ছবি সম্বলিত ভোটার আইডি কার্ড। এগুলো ইস্যু করা হয়েছে আগ্রা থেকে। তিনি আরও বলেন, আগ্রার গোয়েন্দা সূত্রগুলো বলছে, তারা কয়েক বছর আগে ৫৭টি বাংলাদেশী অভিবাসী পরিবারকে শনাক্ত করে। তারা অবৈধ অভিবাসী। কিন্তু বিষয়টি এতদিন কারো নজরে আসেনি।
সম্প্রতি ৬০টি পরিবারের ২৫০ জন সদস্য অভিযোগ করেন যে, তাদেরকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করে হিন্দু বানানো হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ওইসব পরিবারের সদস্যদের বেশির ভাগই ফেলে দেয়া জিনিসপত্র কুড়িয়ে, কেউ বা শ্রমিক হিসেবে দিনযাপন করতেন। তারা বাংলাদেশী অবৈধ অভিবাসী- এটা চিহ্নিত হওয়ার পর ইসমাইল নামে স্থানীয় এক কন্ট্রাক্টরকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। আবার কোন কোন সূত্র বলেছে, ধর্মান্তরিত করার খবর প্রকাশ হওয়ার পর ওইসব পরিবারের অনেকে এরই মধ্যে পালিয়েছে। তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।