দিনাজপুর প্রতিনিধি : হাবিপ্রবির স্বৈরাচারী, জেদি, স্বাধীনতা বিদ্বেষী ও কান্ডজ্ঞানহীন উপাচার্যকে অবিলম্বে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। সোমবার দুপুরে নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান।
সংবাদ সম্মেলনে হাবিপ্রবি’র ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য আহসান হাবিব রিজভী লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরের ৩০ নভেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত কোন কারণ ছাড়াই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। যেখানে ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকে, সেখানে অনাকাঙ্খিতভাবে মাত্র দু’ঘন্টার নোটিশে হল বন্ধ করে ছাত্রছাত্রীদের হল ত্যাগে বাধ্য করে প্রশাসন। এতে হলে অবস্থানরত ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, নোটিশের তারিখ অনুযায়ী ১৫-১২-২০১৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হওয়ায় ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিসব উদযাপনের জন্য সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে থেকে যায় এবং তারা হলে উঠে জানতে পারেন পুনরায় ০১-০১-২০১৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি ভিত্তিহীন অজুহাতে শুধুমাত্র ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রাখার নজির বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে নেই। এটি দিনাজপুরবাসিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের ব্যর্থতা।
সংবাদ সম্মেলনে হাবিপ্রবির এই উপাচার্যকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বলা হয়, ভিসি কখনই চান না বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত হউক। ছাত্রছাত্রীরা যাতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে না পারে তারই অংশ হিসেবে পুরো বিজয় মাসটি হলসহ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। অথচ পুরো বিজয় মাসটি ছাত্রছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়। জামাত-শিবিরের এজেন্ড বাস্তবায়ন করতে ও হাবিপ্রবি থেকে মুক্তিযদ্ধের চেতনাকে নিশ্চিন্ন করতে উপাচার্য হলসহ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। পুনরায় বিশ্ববিদ্যালয় বন্ধ করে সরকারের ভাবমর্যাদা ক্ষন্ন করেছেন বলে দাবী করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে হাবিপ্রবির বর্তমান স্বৈরাচারী, জেদি, স্বাধীনতা বিদ্বেষী ও কান্ডজ্ঞানহীন উপাচার্যকে অবিলম্বে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আগামী ২০ ডিসেম্বর ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলনে করবেন এবং বর্তমান ভিসির দূর্নীতি ও অনিয়মের বিভিন্ন চিত্র তুলে ধরবেন বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে হাবিপ্রবি’র ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য এসএম জাহিদ হাসান, সামির হোসেন, সিফাত শাহ, রনি কমুার সাহা, রিয়েল, অরুনসহ অন্যান্য ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।