সিসি নিউজ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে রংপুরবাসী ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী। বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মঙ্গলবার বিকালে উপাচার্য তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, নতুন এ বিশ্ববিদ্যালয়ে অশুভ শক্তির কালো থাবা পড়েছে। আপনারা এ বিশ্ববিদ্যালয়টিকে বাঁচান। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যেভাবে আন্দোলন করেছেন, যেভাবে দুর্নীতিমুক্ত করতে এগিয়ে এসেছিলেন, তেমনিভাবে এখন বিশ্ববিদ্যালয়টিকে রক্ষার জন্য আপনাদের সহযোগিতা চাইছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, চলমান সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই করা সম্ভব। আমি শিক্ষক সমিতিকে মৌখিক ও লিখিত- উভয়ভাবেই আহ্বান জানিয়েছি। তারা আলোচনায় আসার আগে সব সমস্যার সমাধান চায়। কিন্তু সব সমস্যা একসঙ্গে সমাধান করা কারো পক্ষে কখনোই সম্ভব নয়। পর্যায়ক্রমে সব সমস্যারই সমাধান হবে।
এর আগে মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য। দুপুরের দিকে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যপন্থী ও উপাচার্যবিরোধী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় পুলিশ পাহারায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপাচার্য। এ ঘটনার পর বিকালে এ সংবাদ সম্মেলন করেন উপাচার্য।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ জানান, স্বাধীনতামঞ্চে ফুল দিতে গেলে উপাচার্যপন্থী এবং শিক্ষকদের নীল দলের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ ঘটনার জন্য তিনি উপাচার্যের অপসারণও দাবি করেন। অন্যদিকে নীল দলের সভাপতি আপেল মাহমুদ জানান, সাবেক উপাচার্য ড. আবদুল জলিলপন্থ বলে পরিচিত এবং স্বাধীনতাবিরোধী শক্তি বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হন।