সাভার : সাভারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিন নির্মাণ শ্রমিক। বুধবার বিকেলে বিরুলিয়ার আমিন মোহাম্মদের আশুলিয়া মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাসেম (৩৩), আনোয়ার (৩৫) এদের দুজনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় ও মমতাজ (৩২) রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি বিশাল বিলবোর্ড স্থাপনের কাজে নিয়োজিত করা হয় ছয় শ্রমিককে। বিলবোর্ডটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক খুটির কাছে স্থাপন করার সময় অসাবধানতাবশত বিদ্যুত সঞ্চালন লাইনের স্পর্শে গুরুতর আহত হয় চারজন।
তাদের চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।