ঢাকা : মানহানি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম ইউনুস খানের আদালত শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিজনক বক্তব্যের অভিযোগে বৃহস্পতিবার সকালে এডভোকেট মোস্তাফিজুর রহমান দুলাল একই আদালতে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলাগুলো দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘শখের বন্দি’ অভিহিত করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কোনো ভূমিকা নেই। এর প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি করা হয়।
নাটোরে তারেকের বিরুদ্ধে মামলা
নাটোর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাক বন্ধু বলে আখ্যায়িত করায় তারেক রহমানের বিরুদ্ধে নাটোর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মুন্নির আদালতে মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের আহম্মদ আলী মোল্লা।
শুনানির জন্য মামলাটি আমলে নিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাজাকার, খুনী ও পাক বন্ধু বলে আখ্যায়িত করার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কটূক্তি করেন।
এরূপ উক্তি করে বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার মানহানি করায় ক্ষুব্ধ হওয়ায় বাদী এই মামলা দায়ের করেন।