সিসি নিউজ: কয়লা সংকটের কারণে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৭ ভাটায় ইট পোড়ানো বন্ধ হয়ে গেছে। নতুন ইট উৎপাদন না হওয়ায় উর্ধমুখী হয়েছে ইটের বাজার। ফলে চড়া মূল্যে ইট সরবরাহ না করায় সরকারি-বেসরকারি পর্যায়ের নির্মাণ কাজগুলো গতিহীণ হয়ে পড়েছে। এতে সৈয়দপুরে নির্মাণ শ্রমিকগুলো এখন কর্মহীণ জীবন-যাপন করছে।
সূত্র মতে, সৈয়দপুরে ২৪টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে আর্থিক সংকটের কারণে তিনটি ইট ভাটা বন্ধ হয়ে গেছে। চারটি ভাটায় আগুন দেয়া সম্ভব হয়েছে। বাকি ১৭টি ভাটা কয়লার অভাবে উৎপাদনে যেতে পারছে না। সূত্রটি মতে, যেখানে প্রতি টন কয়লা ৮ হাজার টাকায় বিক্রি হতো বর্তমানে ওই কয়লা ১৬ হাজার ৭শ’ টাকায় কিনতে হচ্ছে। বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা বিক্রি না করায় এবং ভারত থেকে কয়লা না আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সূত্রটি দাবি করছে।
কয়লা খনি সূত্র মতে, তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা যোগান ঠিক রাখতে খনির কয়লা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে আইনি জটিলতার কারণে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। খনি থেকে তোলা কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় ভারতের পরিবেশবাদীরা উচ্চ আদালতে রিট করেছেন। আদালত বিষয়টি নিষ্পত্তি না করা পর্যন্ত এলসি করেও মিরছে না কয়লা।
সৈয়দপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন জানান, কয়লার অভাব ও উচ্চ দামের কারণে প্রস্তুতি থাকার পরও ভাটায় আগুন দেয়া যাচ্ছে না। ইতোমধ্যে ভাটার মালিকেরা বিনিয়োগ করায় বর্তমান পরিস্থিতিতে ওই বিনিয়োগ গচ্ছা যাওয়ার যোগাড় হয়েছে।
সৈয়দপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, রং ও রাজ মিস্ত্রি মিলিয়ে সৈয়দপুরে ২০ হাজার শ্রমিক রয়েছে। ইটের অভাবে নির্মাণ কাজ বন্ধ থাকায় মানবেতর জীবন-যাপন করছে শ্রমিকরা।
কয়লা সংকটের কথা নিশ্চিত করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সৈয়দপুর উপজেলা প্রকৌশলী জাকিউর রহমান জানান, চলমান উন্নয়ণমূলক কাজে এর প্রভাব পড়েছে।