সিসি নিউজ: সৈয়দপুরে লাল রংয়ের একটি ১০০ সিসি বাজাজ চোরাই মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ওয়াপদার সংরক্ষিত এলাকার ভেতরে একটি শ্রমিক সংগঠনের অফিস সংলগ্ন কক্ষ থেকে মটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় ওই মটরসাইকেল চুরির সাথে জড়িত বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের ইসরাফিল হক ওরফে বাবুকে (৩০) আটক করে পুলিশ। আটক বাবু সৈয়দপুর শহরের একটি মটরসাইকেল কোম্পানির শো-রুমের কর্মচারী।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, চোরাই মটরসাইকেল সিন্ডিকেটের সাথে জড়িত আটক বাবু দীর্ঘ দিন থেকে ওই শো-রুমের কর্মচারীর আড়ালে মটরসাইকেল কেনাবেচা করে আসছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চোরাই মটরসাইকেলগুলো ওই শো-রুমের কিস্তি অনাদায়ী থাকায় জব্দকৃত মটরসাইকেল হিসেবে বিক্রি করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।