জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় ৭দিন ব্যাপী দ্বি-বার্ষিক চাঁদমনি হস্তশিল্প প্রদর্শনী মেলা শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর শহর হতে ৮ কিলোমিটার দুরে বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী স্কুল এন্ড কলেজ মাঠের মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। গ্রামীণ ঐতিহ্য প্রদর্শনসহ মেলায় হস্ত শিল্পের উপর ৩০টি স্টল শোভা পায়। বিলুপ্তপ্রায় নাগর দোলা দৃষ্টি আকর্ষণ করে মেলা দেখতে আসা দর্শনার্থীদের। অনাথ আশ্রম চাঁদমনি’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব পিজিরুল আলম দুলাল নিজ উদ্যোগে ২ বছর অন্তর এ মেলার আয়োজন করে থাকেন।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, অধ্যক্ষ এ.কে আজাদ, চাঁদমনি আশ্রমের অনাথ কন্যা রিতা আক্তার প্রমুখ।