ঢাকা : দলের বেশ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশান বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে উপস্তিত ছিলেন; বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নগর বিএনপির আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, দলের যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, নগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
বৈঠকের একটি সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, দল ও জোটের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এছাড়াও ২০ দলীয় জোটের উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম ডিগ্রী কলেজ মাঠে যে জনসভা অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। বৈঠকে খালেদা জিয়া প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে মতামত জানতে চান কিভাবে আগামী দিনে রাজপথের আন্দোলনকে সফল করা যায়।
বৈঠকের আরেকটি সূত্র জানান, এটাকে কোনো বিশেষ বৈঠক বলা উচিত হবে না। দলের চেয়ারপারসনের কাছে আমরা প্রায়ই এ ধরনের মতামত তুলে ধরি। সেখানে খালেদা জিয়া (তিনি) বলার চেয়ে মনোযোগ দিয়ে সকলের মতামত শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন।