
যশোর : বেনাপোলের পুটখালী ও বড়আঁচড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় ৬ শিশুসহ ২৫ নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার ভোরে তাদের আটক করা হয়।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হক ও যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বেশকিছু নারী পুরুষ ও শিশু অবৈধ পথ দিয়ে ভারত-বাংলাদেশ পারাপার করছে, এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্তের চরের মাঠ ও বেনাপোল চেকপোস্ট এমপি’র মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ শিশুসহ ২৫ জন নারী, পুরুষকে আটক করা হয়।
এদের বাড়ি যশোর, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায়। বিজিবি তাদেরকে অবৈধভাবে অনুপ্রবেশ আইনে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।