রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কটূক্তি করে বক্তব্য দেয়ার প্রতিবাদে সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। সকাল ১১টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রজব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম মন্ডল, মন্টু কার্জ্জী, নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, সন্তান কমান্ড সভাপতি এম, আজিজুল হক, ছাত্রলীগ নেতা মোঃ আব্দুস সালাম প্রমূখ। বক্তারা তারেক জিয়া কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় অবিলম্বে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার পূর্বক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
আসামীকে ধরতে গিয়ে…
কুড়িগ্রামের রাজারহাটে মাদকের হাফ ডজন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী এলাকার মাদক সম্রাট বিষ্ণুচন্দ্র বর্ম্মন (৫৫) নামের আসামীকে ২৫০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উমর মজিদ ইউপি’র ভীমশীতলা মন্ডলপাড়া গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজারহাট থানার এস,আই আল-হেলাল মাহমুদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আদালতে ৫টি মাদকের বিচারাধীন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিষ্ণুচন্দ্র বর্ম্মনের বাড়িতে অভিযান চালায়। ওই সময় তার শয়ন ঘরে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আসামীকে আটক করা হয় এবং রাতেই বিষ্ণু চন্দ্র বর্ম্মনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করেন। সকালে থানা পুলিশ অভিযুক্ত আসামীকে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। যতই ক্ষমতাধর ব্যক্তি এর সঙ্গে জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।