সিসি ডেস্ক: আমাজানে প্রামাণ্যচিত্র নির্মান করতে গিয়ে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক সারাহ বেগম বাংলাদেশি মিডিয়ার তুমুল সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেইজে দেওয়া এক পোস্টে সারাহ বেগম বলেছেন, আমার আমাজন এডভেঞ্চার নিয়ে কিছু সংখ্যক বাংলাদেশি মিডিয়ার নেতিবাচক শিরানাম আমি দেখেছি এবং শুনেছি। চলচ্চিত্রের মাধ্যমে আমাজন এবং সারা বিশ্বে গুরুত্বপূর্ণ ইস্যূ নিয়ে সচেতনতা তৈরির আমার প্রচেষ্টাকে যখন সারা বিশ্ব সমর্থন ও উৎসাহ জুগিয়েছে,তখন কিছু সংখ্যক বাংলাদেশি মিডিয়া নেতিবাচক শিরোনাম করে আমাকে আক্রমন করেছে।
সারাহ বেগম বলেন, বাঙালী কমিউনিটি যে কতোটা সংকীর্ণ মনের হতে পারে তা সারা বিশ্বের জানা উচিৎ। অবশ্য সবাই না, আংশিক নগ্ন হয়ে আমাজানে আমার ভালো উদ্দেশ্যসম্পন্ন কাজকে যারা আক্রমন করেছে, তাদের সত্যিকার অর্থেই মন আরো উদার করা দরকার।এই বিশ্বে আরো কতো কি আছে তা তাদের দেখা দরকার এবং সেগুলোর সঙ্গে যোগসূত্র করা দরকার। অন্যের ধর্ম এবং সংস্কৃতিকে সম্মান করতে শেখা দরকার।
তিনি বলেন, অনেকে এটাকে ধর্মীয় দৃষ্টিকোন থেকে নিয়েছে। আল্লাহ কেবল বাংলাদেশকেই নয়, আমাদের সবাইকেই সৃষ্টি করেছেন।
তিনি আহ্বান জানিয়ে বলেন, ভূয়া গল্প নিয়ে দয়া করে আমার মাকে আর মানসিক চাপ দেবেন না। বাঙালী কমিউনিটির এই হীনমন্যতা প্রকাশ করতে আমার নিজেরও লজ্জা হচ্ছে। কিন্তু তারা যেহেতু আমাকে আক্রমন করেছে, আমিও বাধ্য হয়ে তাদের চেহারাটা তুলে ধরলাম।