আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পররাষ্ট্র দফতরের সাবেকমন্ত্রী সাঈদা ওয়ারসি বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এককভাবে ব্রিটেনের স্বীকৃতি দেয়া উচিত।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। ওয়ারসি বলেন, লন্ডনের ‘ইসরাইল তোষণনীতি’ আর কাজ করছে না। এ ছাড়া, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারের তৎপরতার নিন্দা জানানোর জন্যও ব্রিটিশ মন্ত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
ওয়ারসি আরো বলেন, ফিলিস্তিন সংকটের বিষয়ে ব্রিটেন দুই রাষ্ট্র সমাধানের দাবি করলেও লন্ডন কেবলমাত্র একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
ব্রিটেনের মন্ত্রিসভার প্রথম মুসলিম মহিলা মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ারসি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের বিষয়ে ব্রিটিশ সরকারের নীতির প্রতিবাদে আগস্টে পদত্যাগ করেন।
সে সময় তিনি টুইটার বার্তায় লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ..আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। গাজার ব্যাপারে সরকারের নীতির প্রতি আমার আর কোনো সমর্থন নেই।”
পাকিস্তানি বংশোদ্ভূত ওয়ারসি ২০১০ সাল থেকে ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ এবং ফেইথ অ্যান্ড কমিউনিটিস বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার আগে তিনি রক্ষণশীল দলের চেয়ারপারসন ছিলেন। রেডিও তেহরান