
মেহেরপুর: চিকিৎসায় অবহেলার অভিযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুর করেছে রোগীর স্বজনেরা। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর-মুজিবনগর সড়কের মোনাখালি নামক স্থানে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার মনোহরপুর গ্রামের মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন ও শহরের পৌর কলেজপাড়ার পাভেল হোসেন নামের দুই যুবক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সন্ধ্যা ৬ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের দু’জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। এসময় তাদের সেখানে নেওয়ার জন্য এম্বুলেন্স ও একটি মাইক্রোবাস ভাড়া করে তাদের স্বজনেরা। এসময় মাইক্রোবাসে অক্সিজেন দেওয়ার দাবি জানান পরিবারের স্বজনেরা। অক্সিজেন না পেয়ে তারা এসময় চেয়ার-টেবিল ও টেলিফোন সহ অন্যান্য জিনিস পত্র ভাঙচুর করে।
হাসপাতালের আরএমও অলোক কুমার দাস জানান, আলমগীর হোসেন (৩২) ও পাভেল হোসেন (২৮) নামের দুই যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া নেয়ার জন্য মাইক্রোবাসে তোলে। মাইক্রোবাসে রোগীকে অক্সিজেন দিতে বলে তাদের সাথে থাকা লোকজন। কিন্তু মাইক্রোবাসে অক্সিজেন দেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় চিকিৎসক ও স্বজনদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা ভাঙচুর চালায়।
তিনি আরো জানান, মাইক্রোবাসে অক্সিজেন দেওয়ার কোনো ব্যবস্থা এই হাসপাতালে নেই। তাছাড়া রোগীর কোন অক্সিজেনের প্রয়োজনও ছিল না।
খবর পেয়ে সদর থানার এসআই শাহাবুল ইসলাম ঘটানাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।