সিসি নিউজ: নিউ এজে তল্লাশি চালানোর কোনো অভিপ্রায় পুলিশের ছিলো না বলে দাবি করলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।
এর আগে নিউ এজ পত্রিকার সাংবাদিকরা দাবি করেন, রোববার রাতে পুলিশ নিউ এজে ঢুকতে চাইলে তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন সাদা পোশাকে থাকা পুলিশের সদস্যরা।
ঘটনার সূত্রপাত রোববার রাত পৌনে নয়টায়, এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি সালাহউদ্দিনের নেতৃত্বে সাদা পোশাকের এক দল পুলিশ উপস্থিত হন তেজগাঁওস্থ নিউ এজ পত্রিকার কার্যালয়ের সামনে। পুলিশ এ সময় তল্লাশি চালাতে নিউ এজের কার্যালয়ে ঢুকতে চায় বলে অভিযোগ করেন সাংবাদিকরা।
নিউ এজ এর সাংবাদিকরা বলেন, রোববার রাত পৌনে নয়টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনের নেতৃত্বে সাদা পোশাকের একদল পুলিশ এফডিসি সংলগ্ন নিউ এজ এর কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি করতে চায়। এ সময় পুলিশকে কার্যালয়ে ঢুকতে বাধা দিয়ে পুলিশের কাছে তল্লাশির কারণ জানতে চান সাংবাদিকরা।
পত্রিকাটির একাধিক সাংবাদিক আরও দাবি করেন, ভেতরে প্রবেশ করতে না পেরে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং ঘটনার সময় উপস্থিত সাংবাদিকদের ভিডিও ধারণ করে নিয়ে যায়।
তবে দুর্ব্যবহারের অভিযোগ এবং নিউ এজ এ অভিযান চালানোর সত্যতা প্রত্যাখ্যান করে ওসি সালাহউদ্দিন বলেন, নিউ এজ ভবন সংলগ্ন ৩০ নম্বর হোল্ডিংয়ে জামায়াত শিবিরের লোকজন জড়ো হচ্ছে এমন একটা সংবাদের ভিত্তিতে আমরা সাদা পোশাকে ঘটনাস্থলে যাই। সেখানে নিউ এজের কিছু সাংবাদিক আমাদের দেখেই আমরা এখানে কেন এসেছি সে ব্যাপারে প্রশ্ন করেন। পরে আমরা আমাদের পরিচয় দেই এবং সেখান থেকে আমরা চলে আসি। নিউ এজে রেইড দেয়ার কোনো উদ্দেশ্য আমাদের ছিলো না। তাদের সঙ্গে পুরো বিষয়টিই ভুল বোঝাবুঝি।