খেলাধুলা ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) যুক্ত হচ্ছে নতুন নিয়ম। থাকবে প্রমোশনের (অন্তর্ভুক্তি) সুযোগ। আবার শঙ্কা থাকবে রেলিগেশনেরও (বাদ পড়া)। পরবর্তী মৌসুমের ফলাফলের ভিত্তিতে ২০১৫-১৬ মৌসুম থেকেই কার্যকর হবে এই নিয়ম। সোমবার বিসিবির টুর্নামেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিভাগীয় দলগুলোর সাধারণ সম্পাদকগণও উপস্থিত ছিলেন।
ঘরোয়া পর্যায়ে ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় লিগ। প্রথম শ্রেণির এই আয়োজনে প্রতিযোগিতা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নিয়ম অনুযায়ী এই লিগ হবে দুটি স্তরে। প্রথম স্তরে থাকবে চারটি দল। আর শেষ চারটি দল থাকবে দ্বিতীয় স্তরে। প্রত্যেক মৌসুমে দ্বিতীয় স্তরের শীর্ষ দলটির প্রমোশন হবে প্রথম স্তরে। আর প্রথম স্তরের সবার নীচে থাকা দলটি রেলিগেশনের মাধ্যমে নেমে যাবে দ্বিতীয় স্তরে।
১৯৯৯ সালে জাতীয় ক্রিকেট লিগ শুরুর পর এবারই প্রথম প্রমোশন ও রেলিগেশনের নিয়ম চালু করা হল। প্রথম শ্রেণির ক্রিকেটে এ ধরনের নিয়ম প্রবর্তনের কারণ ব্যাখ্যা করে বিসিবির সহ-সভাপতি আ জ ম নাসির উদ্দিন বলেন, ‘লিগকে আরও বেশি প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করতেই নিয়মে এ ধরনের পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া পরবর্তী বছর থেকে প্রাইজমানিও বাড়ানো হবে। প্রথম স্তরে চ্যাম্পিয়ন দল ২০ লাখ এবং দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন দল ৫ লাখ টাকা পাবে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে এবার একটি মাত্র লিগই অনুষ্ঠিত হবে।’
তাছাড়া জাতীয় লিগের এবারের ম্যাচগুলো মিরপুর, ফতুল্লা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর স্টেডিয়ামের অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। বিভাগীয় দলগুলোর ৩০ সদস্যের প্রাথমিক দল বাছাইয়ের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের পারফরম্যান্সকে বিবেচনায় নেয়া হবে। পরে জাতীয় দলের নির্বাচকরা বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে পরামর্শক্রমে ১৮ সদস্যের চূড়ান্ত দল নির্ধারণ করবে। এক দলের প্রাথমিক তালিকা থেকে কেউ বাদ পড়লে অন্য দল তাদের নিতে পারবে।