
সিসি নিউজ : ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা মন্ত্রণালয় বিনামূল্যে বই বিতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদরাসায় এ উৎসব পালিত হবে।
সোমবার মন্ত্রী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভায় মিলিত হন। এসময় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষামন্ত্রী দেশের সব স্কুল-মাদরাসায় বই পৌঁছানোর খোঁজখবর নিয়েছেন।
তিনি বই বিতরণে কোনো কর্মকর্তা-কর্মচারী, কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকসহ সংশ্লিষ্ট কেউ কোনো গাফিলতি করলে যথোপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে সতর্ক করে দেন।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করবেন। ১ জানুয়ারি তারিখ সকাল দশটায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে।