ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ দেয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ও রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন্তব্য করেন।
তিনি বলেন, “আজহারকে আদালত ফাঁসির নির্দেশ দেয়ায় আমরা সন্তুষ্ট। রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।” আওয়ামী লীগের পক্ষ থেকে রায়কে স্বাগত জানান তিনি।
এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগ মিরপুরে ককটেলও ফাটায়নি, শিক্ষিকাকে হত্যাও করেনি। আসলে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম এগুলো দাবি করছেন, কারণ তিনি ‘একজন ভদ্রবেশী সিরিয়াল মিথ্যাচারী’।”
তিনি বলেন, “নোয়াখালীতে একজন স্কুল শিক্ষিকাকে পিকেটারদের ইটের আঘাতে হথ্যা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় হরতালের নামে জনগণের ওপর হামলা পারিচালনা করে গাড়ি-ঘোড়া ভাঙচুর করা হয়েছে। অসংখ্য মুনষকে আহত করা হয়েছে। হরতালের আাগের দিন অতীতের মতো যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে অগ্নিদগ্ধ করা হয়েছে। এ এর দায়-দায়িত্ব শুধু ঘটনার সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিল তাদের একার নয়। এর নির্দেশদাতা হিসেবে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম ও বিএনপি-জামায়াতের নেতাদের ওপর বর্তায়।”
এসময় তিনি দাবি করেন, জনগণ এই সমস্ত নৃশংস মানবতাবিরোধী কর্মকাণ্ডের নির্দেশদতাদেরও বিচার চায়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রমুখ।