
সিসি ডেস্ক: বরিশাল নগর বিশেষ শাখার (সিটিএসবি) পুলিশ সদস্য জয়নাল আবেদিনের হাত কামড়ে দিয়েছেন এক শিবির কর্মী। এসময় তার সঙ্গীরা ওই পুলিশ সদস্যকে মারধরও করেছেন।
জামায়াতের ডাকা দেশব্যাপী দুইদিনের হরতালের প্রথমদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মানবতাবিরোধী অপরাধে দলের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে এ হরতাল ডেকেছে জামায়াত।
সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বান্দরোডের ভিআইপি গেটের সামনের সড়কে শিবিরের কর্মীরা মিছিল করে ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় পুলিশ সদস্য জয়নাল বাধা দিলে শিবির কর্মীরা তার ওপর হামলা চালান। মারধরের একপর্যায়ে শিবিরের এক কর্মী ওই পুলিশ সদস্যের হাত কামড়ে দেন। পরে আরো কয়েকজন পুলিশকে আসতে দেখে পালিয়ে যায় শিবির কর্মীরা।
আহত জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।