মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে বিএনপি যে কোন মূল্যে নির্ধারিত কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে। এবারে কোন বাধাই তাদের কর্মসূচী ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
অপরদিকে ৫ জানুয়ারি সোমবার ঢাকায় ২০ দলীয়জোটের সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুরের সাথে ঢাকার বাসযোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। সাধারণ মানুষের মাঝে সর্বত্র অজানা আতঙ্ক বিরাজ করছে।
রবিবার সকালে অন্যান্য দিনের মত ঢাকা অভিমূখী যাত্রীরা কাউন্টারে এসে বাস বন্ধ থাকার খবর পান। এমন খবরে যাত্রীরা বিপাকে পড়েন।
বিএনপির সমাবেশে যাতে কেউ যোগ দিতে না পারেন সে কারণেই ঢাকামূখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে পরিবহন মালিক গ্রুপের নেতারা বলছেন, সরকার বা কোনো পক্ষ থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নাশকতার আশঙ্কায় তাঁরা নিজেরাই এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
দিনাজপুর মোটর পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শাহ জানান, দিনাজপুর থেকে ঢাকাসহ দেশের প্রায় ২০টির অধিক জেলায় চাস চলাচল করে। রবিবার থেকে ঢাকামূখী সব ধরনের চাস চলাচল বন্ধ রয়েছে। তবে দিনাজপুর থেকে দেশের অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু রাত পৌনে ১০টায় মোবাইলে জানান, দিনাজপুরে বিএনপি সোমবার বিকেল ৩টায় কালো পতাকা মিছিল করবে। এতে কোন প্রকার বাধা আসলে বাধা উপেক্ষা করেই কর্মসূচী পালন করবো। তিনি বলেন, দেশ নেত্রী যেখানে অবরুদ্ধ আছেন আর আমরা ঘরে বসে থাকবো, তার জন্য একটি মিছিল করতে পারবো না তা হতে পারে না। তিনি বলেন, এ লড়াই বাঁচা মরার লড়াই, এ লড়াইয়ে জিততে হবে। দলীয় নেতাকর্মীদের যথা সময়ে দিনাজপুর ইনস্টিস্টিটিউট মাঠে উপস্থিত থাকার অনুরোধ করেছেন তিনি ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী বলেন, সোমবার ৫ জানুয়ারি বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। সরকারের পক্ষ থেকে যদি বাধা দেয়া হয় তাহলে দেশপ্রেমিক জনতা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। তাই কর্মসূচী পালনে কারো অনুমতির প্রয়োজন নেই।
দিনাজপুর বাবলু এন্টার প্রাইজের ম্যানেজার মোঃ শওকত আলী তোতা জানান, নিরাপত্তার স্বার্থেই মালিকরা বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অন্য কোন সমস্যা নেই। তবে দিনাজপুর থেকে কোন কোন পরিবহনের বাস রাতে ছেড়ে যাবে বলে তিনি জানান।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, যে কোন ধরনের নাশকতা ঠেকাতে শহরে পুলিশ মহড়া দিচ্ছে। তবে ঢাকাগামী বাস বন্ধ করার বিষয়ে প্রশাসন কোন হস্তক্ষেপ করেনি বলে তিনি জানান।