
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারি বাধা সত্ত্বেও সোমবারের কর্মসূচি তিনি প্রত্যাহার করছেন না। ঢাকায় নির্ধারিত সমাবেশের সর্বাত্মক চেষ্টা করা হবে।
রোববার রাতে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, শনিবার রাত থেকে তাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে।
রাতে পুলিশে ঘেরা খালেদা জিয়া তার অফিসে (গুলশানের রাজনৈতিক কার্যালয়) বসে টেলিফোনে বিবিসি বাংলাকে বলেন, কর্মসূচির আগে কোনো দলের নেতাকে এভাবে অন্তরীণ করে রাখার নজির বাংলাদেশে নেই।
বিএনপি নেত্রী বলেন, তার কর্মীরা রাস্তায় রয়েছেন এবং সোমবারের কর্মসূচি চলবে।
তিনি নিজে ঐ সমাবেশে যোগ দেবেন কি না, এ প্রশ্নে খালেদা জিয়া বলেন, তিনি চেষ্টা করবেন।
তিনি বলেন, নির্বাচনের আগেও ২৯ ডিসেম্বর আমি কর্মীদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করেছিলাম, সরকার করতে দেয়নি। এবারও আরো বেশি পুলিশ দিয়ে আমাকে বাধা দেওয়া হচ্ছে।
এদিকে নাশকতার আশঙ্কায় পুলিশ ঢাকায় সবধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে।
এ প্রসঙ্গে খালেদা জিয়া বিবিসিকে বলেন, বিএনপি নয়, সরকার নিজেরাই নাশকতায় লিপ্ত হয়েছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম…আমাদের নেতা কর্মীদের ঘরে ঢুকে ঢুকে নির্যাতন করা হচ্ছে।