সিসি নিউজ: রেললাইন উপড়ে ফেলা বা রেল চলাচলে নাশকতা প্রতিরোধে প্রায় ৪ হাজার আনসার ও ভিডিপি সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
৪০ জেলার ঝুঁকিপূর্ণ পয়েন্টে রেলপথে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের জন্য আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৩ সালের শেষ দিকের বিরাজমান আইনশৃঙ্খলা-পরিস্থিতি বিবেচনায় এবং দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে তখন সারা দেশের রেল চলাচল নির্বিঘ্নে রাখা ও রেললাইনের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়। এতে রেললাইন উপড়ে ফেলা এবং রেলচলাচল বিঘ্ন ঘটাতে পারে, এমন সহিংসতার ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত অবস্থায় বিরাজমান পরিস্থিতি বিবেচনায় সারা দেশে রেল চলাচল নির্বিঘ্ন রাখা ও রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ পয়েন্টে বাস্তব অবস্থার নিরিখে প্রয়োজনীয়সংখ্যক আনসার ভিডিপি সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সেই সঙ্গে নিয়োজিত ফোর্সের সংখ্যা, দায়িত্ব পালনের স্থান, এলাকা, তারিখ এবং সময় উল্লেখপূর্বক ফোর্স মোতায়েনের বিস্তারিত বিররণী মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।